খুলনায় রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
প্রকাশিত : ১৯:৫৫, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ২০:১১, ২৭ জুলাই ২০২৬
খুলনার বটিয়াঘাটা উপজেলায় রেজাউল শেখকে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ সোমবার বিকালে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ আদালতের বিচারক মোঃ খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- খুরশিদ আলম, সালাম ও খায়রুল। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ শাহ আলম।
আদালতের সূত্র জানায়, পৈত্রিক সম্পত্তি তথা দোকানঘর উঠানোকে কেন্দ্র করে পূর্ব বিরোধের সূত্র ধরে ২০১৮ সালের ৩১ মার্চ সকাল ৮টার দিকে রেজাউল শেখ উপজেলার ঝালবাড়ি গ্রামের বাজারে নিজের দোকানের কাছাকাছি ঘুরাঘুরির সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা চার দুর্বৃত্ত বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এরপর তিনি মাটিতে পড়ে গেলে তারা একাধিক আঘাত করতে থাকে। রেজাউলের ছোট ভাই ঠেকাতে এলে তাকেও তারা আঘাত করা হয়।
পরবর্তীতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার দিন সন্ধ্যায় নিহতের ছোট ভাই মেঝবাহ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এতে তিনি ঝালবাড়ি এলাকার বাসিন্দা কলমবক্সের ছেলে আ: সালাম এবং সালাম শেখের দুই ছেলে মো: খুরশিদ আলম (৩৫) ও মো: খায়রুল শেখ (২৮) এবং একই এলাকার কালা বাবুর ছেলে এরশাদকে আসামি করেন।
গত ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো: গোলাম রসুল উল্লিখিতদের আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এএইচ
আরও পড়ুন










