ঢাকা, বৃহস্পতিবার   ২৫ জুন ২০২৬

গাংনীতে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিরোধ বিজিবির

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:১১, ২৫ জুন ২০২৬

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনী সীমান্তে নারীসহ ৭ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে সেই চেষ্টা পণ্ড হয়েছে। বর্তমানে কাঁটাতারের পাশে অবস্থান করছেন ওই ৭ জন। 

বৃহস্পতিবার (২৫জুন) ভোরে উপজেলার সহড়তলা সীমান্তের ১৪২নং আন্তজার্তিক পিলারের ৫ ও ৬ এস সাব পিলারের মাঝ দিয়ে ভারতের নদীয়া জেলার ব্রজনাথপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের পুশইনের চেষ্টা করে। 

এসময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও গ্রামবাসির প্রতিরোধে মুখে পিছু হটে বিএসএফ। তবে পুশইন হওয়া ব্যক্তিরা সীমান্তের কাঁটাতারের পাশে একটি বাঁশবাগানে নীচে অবস্থান করছেন।

সহড়তলা গ্রামের বাসিন্দা হাবিবুর রহান হাবিব জানান, সহড়তলা সীমান্ত দিয়ে বিএসএফ ৭ জনকে পুশইনের চেষ্টা করে। গ্রামবাসি ও বিজিবি সদস্যরা পাহারা দেওয়ার কারণে তারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে পারেনি। বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া ব্যক্তিরা বর্তমানে সীমান্তে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের পাশে অবস্থান করছেন।

সহড়াতলা বিজিবি ক্যাম্পের কামান্ডার আইউব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসফের সাথে পতাকা বৈঠকের চেষ্টা চলছে। পুশ হয়ে আসাদের ভারতের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়েছে।  

উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখ ভোরে তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জন ও ১৯ তারিখে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে ৪ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও গ্রামবাসি সীমান্তে অবৈধ পুশইন ঠেকাতে শক্ত অবস্থান নেওয়ার কারণে বিএসএফ তাদের ফেরত নিয়ে যায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি