ঢাকা, মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬

গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে আগুন দিল দুর্বৃত্তরা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৬, ১০ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের চন্দ্রায় সন্ধ্যায় বাসে আগুন দেয়ার পর দাঁড়িয়ে থাকা অপর একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে গাজীপুরে চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চন্দ্রার হাজীবাড়ী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কের পাশে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। রাত পৌনে ১১টার দিকে হঠাৎ ভ্যানের সামনের অংশ থেকে আগুন ও কালো ধোঁয়া উড়তে দেখেন পথচারীরা। 

পরে লোকজন জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণ আনে।

এর আগে, চন্দ্রা ত্রিমোড়ের কাজলী ফার্ম এলাকায় আজমেরি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার কয়েক ঘন্টা পর কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ও সিভিল তারেকুল ইসলাম জানান, চন্দ্রা ত্রিমোড়ের অদূরে আবারও একটি কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটেছে। আমাদের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি