ঢাকা, মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬

গার্মেন্টস খাতের মজুরি নির্ধারণে তৃতীয় সভা ২৩ নভেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৬, ১৭ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি সুপারিশ করার জন্য গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শ্রম মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩৯ ধারা মোতাবেক গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণীর শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণে সুপারিশ প্রণয়ন সম্পর্কিত বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর সোমবার সাড়ে ১১ ঘটিকায় সেগুনবাগিচায় অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় বোর্ডের সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার মুজরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সকালে স্থগিত করা হয়। 

ফলে বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। তারা সড়ক অবরোধ করেন, এর ধারাবাহিকতায় আজও তারা রাস্তায় নেমে আসেন। এরপরই আজ এলো তৃতীয় সভার ঘোষণা।

গত ৯ নভেম্বর দ্বিতীয়বার সভায় বসে নিম্নতম মজুরি বোর্ড। সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মাসিক ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। তবে সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। বিজিএমইএ জানিয়েছিল, তৃতীয় সভায় তারা প্রস্তাব উপস্থাপন করবে।

এর আগে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকদের মধ্যে কাজে ফেরার প্রবণতা দেখা যায়।

গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি