ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

গোপালগঞ্জে অবৈধভাবে তেল মজুদে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৪, ৩০ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে জরিমানা আদায় এবং তেল জব্দ করেছে জেলা প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) দুপুর ২টার দিকে কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারের চৌরঙ্গী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও কাশিয়ানী থানা পুলিশ সহায়তা করে।

অভিযানে মেসার্স খান এন্টারপ্রাইজের মালিক রবিউল ইসলামকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের তেল ব্যবসায়ী মো. আলমগীর মোল্লাকে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্যদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তেল মজুদ ও অধিক দামে বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় প্রায় ৫০০ লিটার ডিজেল জব্দ করে থানার হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, জেলার প্রতিটি ফিলিং স্টেশনে সরকারি নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সার্বিক তদারকির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মনিটরিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এমআর//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি