ঢাকা, বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬

ঘোনাপাড়া থেকে বিএনপি নেতা মনির ফরাজিকে অপহরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫১, ১৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

এসময় তার সাথে বিএনপি নেতা মোঃ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়ি চালক হাসন নিরাপদ স্থানে পৌছেছেন।

বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন বলেন, একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাগেরহাটে আসছিলাম। পথে কয়েক জায়গার রাস্তায় উপরগাছ ফেলানো ছিল। অনেক চেষ্টা করে ঘোনাপাড়া এলাকায় এসেছি। ঘোনাপাড়া আশপাশে থাকা অবস্থায় অস্ত্রধারী একটি দল আমাদের গাড়ি আটকে দেয়। এক পর্যায়ে তারা গাড়ি ভাংচুর শুরু করে। আমাদের কাছে থাকা টাকা, মুঠোফোন ছিনিয়ে নেয়। মুঠোফোন ও মানিব্যাগ চেক করে। আমাদের মারধর করে তারা। 

এক পর্যায়ে আমাকে ও গাড়ি চালক হাসানকে ছেড়ে দিলেও মনিরুল হক ফরাজির ফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি পায়। সন্ত্রাসীরা বিএনপি বিএনপি করে চিৎকার করে। এক পর্যায়ে মনিরুল হক ফরাজিকে ওরা ধরে নিয়ে যায় তারা। গাড়ি ফেলে আর আমি ও গাড়ি চালক কোনভাবে জীবন নিয়ে ফিরে এসেছি।  

শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন আরও বলেন, অনেক কষ্ট করে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে রয়েছি। পুলিশকে জানানো হয়েছে। ৯৯৯- এ ফোন করে জানিয়েছি। মনিরুল হক ফরাজিকে খুঁজতে দলীয়ভাবেও চেষ্টা করা হচ্ছে। 

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন আমাদেরকে জানিয়েছেন মনিরুল হক ফরাজির অপহরণের ঘটনা। আমরা উদ্ধারের চেষ্টা করছি। সবাইকে জানানো হয়েছে। আসলে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল তার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বলেন, ঘটনা আপনাদের মাধ্যমেই শুনেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি।

 এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি