ঢাকা, বুধবার   ১১ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে তেলের গুদামে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ৫ ইউনিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫২, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৫৭, ১০ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের শিকার গুদামটিতে মূলত মবিল মজুত রাখা হতো। মবিল ও অন্যান্য দাহ্য পদার্থ থাকার কারণে আগুনের তীব্রতা ও ভয়াবহতা অনেক বেশি। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি এবং বাসাবাড়ি ও দোকানপাট গা ঘেঁষাঘেঁষি করে থাকায় আগুন ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া তেলের ড্রাম বিস্ফোরণের আশঙ্কায় আশপাশের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী অভিযোগ করে জানান, মাগরিবের নামাজের পরপরই গুদামটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও এটি মূলত একটি অবৈধ মবিলের গোডাউন ছিল। সেখানে এক ড্রাম আসল মবিলের সঙ্গে ভেজাল উপাদান মিশিয়ে তিন ড্রাম করা হতো বলে স্থানীয়দের দাবি।

আগুন লাগার পরপরই স্থানীয় বাসিন্দারা সবার আগে এগিয়ে আসেন। তারা আশপাশের ভবনের ছাদ থেকে পানি ছিটিয়ে প্রাথমিক অবস্থায় আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের গাড়ি এসে কাজ শুরু করে।

তবে ঘনবসতিপূর্ণ এলাকা এবং তেলের মজুদ থাকার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি