ঢাকা, রবিবার   ২১ জুন ২০২৬

চাঁদাবাজির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজীব পুলিশ হেফাজতে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৮, ২১ জুন ২০২৬

Ekushey Television Ltd.

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (২১ জুন) দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেল ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

পুলিশ সূত্রে জানা গেছে, খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তর করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। অভিযোগগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছিল। বর্তমানে তাকে ডিএমপির কাছে হস্তান্তর করা হচ্ছে।”

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি