ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬

চান্দিনায় একই ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ১ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

কুমিল্লার চান্দিনায় একই ঘরের দুই কক্ষ থেকে মা ও সাত বছর বয়সী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ মার্চ) বিকেলে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রাম থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা, সাত বছরের মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর মা আত্মহত্যা করেছেন।

নিহতরা হলেন- ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)।

জানা যায়, দুই মেয়ে ও এক ছেলেসন্তানের জননী ফারহানা। ছেলে বাবার সাথে ঢাকায় থাকেন। ১০ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে লেখাপড়া করে। বাড়িতে শাশুড়ির সাথে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ফারহানা। রোববার সকালে তালিম দিতে বাড়ি থেকে বের হন শাশুড়ি কদরবানু। দুপুরে কদরবানু বাড়ি ফিরে তার টিনের ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় বাহির থেকে ডাকাডাকি করেন। বেশ কিছুক্ষণ ডাকার পর কোনো সাড়া-শব্দ না পেয়ে আশপাশের মানুষকে ডাকেন।

পার্শ্ববর্তী বাসিন্দা রাসেল মজুমদার জানান, ঘরের দরজা-জানালা বন্ধ দেখে আমরা বাধ্য হয়ে একটি জানালা ভেঙ্গে দেখি একটি কক্ষের ঘরের আড়ার সাথে শিশুটির ঝুলন্ত লাশ। ঘরের ভিতরে ঢুকে দেখি অপর কক্ষে একইভাবে নারীর ঝুলন্ত লাশ। পরে আমরা থানায় খবর দেই। ধারণা করা হচ্ছে শিশুমেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে নিজেও আত্মহত্যা করেছেন মা।’

‘তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।’

ঘটনাস্থলে আসা চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ‘আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি একই ঘরের দুই কক্ষে মা-মেয়ের ঝুলন্ত লাশ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা লাশ দুটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে রাখে। কী কারণে এ ঘটনা ঘটেছে, আশা করি তা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে।’

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি