ঢাকা, রবিবার   ০২ আগস্ট ২০২৬

চেক ডিজঅনার মামলায় রিজেন্ট সাহেদের ১ বছরের কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ২ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

২৩ লাখ টাকার চেক ডিজঅনারের এক মামলায় করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির ঘটনায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে এক বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। দণ্ডের পাশাপাশি তাকে চেকের সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

রোববার আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৩ মে আসামির অনুপস্থিতিতে আদালত এ মামলার রায় ঘোষণা করেন। আজ তাকে ওই মামলায় সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অভিযোগসূত্রে জানা যায়, ২০২০ সালের ২৬ জুলাই বাহার ট্রেডার্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী হাফিজ উদ্দিন বাহার সাহেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় ২৩ লাখ ১৮ হাজার ৩৫৮ টাকার চেক ডিজঅনারের অভিযোগ আনা হয়।

অভিযোগে আরও বলা হয়, বাদীর কাছ থেকে বিভিন্ন নির্মাণসামগ্রী ক্রয়ের জন্য আসামির সঙ্গে চুক্তি হয়। প্রথমে কিছু টাকা নগদ পরিশোধ করলেও পরে তিনি চেকের মাধ্যমে অর্থ পরিশোধ করতেন। নির্মাণসামগ্রীর মূল্য বাবদ আসামি ২০১৯ সালের ১০ ডিসেম্বর উত্তরা ব্যাংকের বংশাল থানার নবাবপুর শাখার একটি চেক দেন। 

২০২০ সালের ৫ মে বাদী চেকটি নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ফেরত দেয়। একই বছরের ২ জুন বাদী আসামিকে চেকের সমপরিমাণ অর্থ পরিশোধের জন্য এক মাসের সময় দিয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠান। 

তবে ওই সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করায় ওই বছরের ২৬ জুলাই মামলাটি দায়ের করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি