ঢাকা, শনিবার   ০৮ আগস্ট ২০২৬

ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত‍্যু, তদন্ত কমিটি গঠন

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৭, ৮ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

সাভারে পুলিশী অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২৯) নামে এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত‍্যু হয়েছে। এ ঘটনার পর দ্রুত ঘটনাস্থল হতে পুলিশের চলে যাওয়ার ঘটনায় জনমনে ক্ষোভ ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত মধ‍্যরাতের দিকে এ ঘটনাটি ঘটে।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ারুলের ভাগনে শাহরিয়ার কবির সৌমিক প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত ২৩ জুলাই রংপুরের পীরগঞ্জ থেকে মিম নামে এক কিশোরীকে নিয়ে সাভারে তার নানার বাসা জাফর আলীর বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) বাসায় আসেন।  নানা জাফর আলী বিপিএটির নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত আছেন। 

এ ঘটনার পর ওই কিশোরীর পরিবার পীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীর অবস্থান বিপিএটিসিতে শনাক্ত করে অভিযান চালাতে বৃহস্পতিবার রাতে একটি দল সাভারে আসে। এ অভিযানের নেতৃত্ব দেন পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কনক রঞ্জন বর্মণ। এ সময় তাদের সহযোগিতায় ছিলেন সাভার থানা পুলিশও।

সাভার থানা পুলিশের ভাষ‍্য অনুযায়ী পীরগঞ্জ থানা পুলিশের টিম রাতে বিপিএটিসির নিরাপত্তা প্রহরীর পাঁচতলা ভবনের বাসায় অভিযান চালালেও তারা নীচে অবস্থান করেন। তারা আরও জানায়, অভিযানের সময় সৌমিক ও ওই কিশোরীকে বাসায় পাওয়া যায়নি। এ সময় মনোয়ারুল ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে ওই যুবককে নীচে আহত অবস্থায় পরে থাকতে দেখে সেখান থেকে তারা চলে আসে। 

পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনোয়ারুল হোসেন বকশী বিপিএটিসির নিরাপত্তা  প্রহরী জাফর আলীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে বিপিএটিসির একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় বসবাস করতেন। সে সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

তবে ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী রাসেল মনি অভিযোগ করেন, রাতে  বিকট শব্দ শুনে বাহিরে এসে তিনি ভবনের ছাদের উপরে একজন পুলিশ সদস্যকে দেখতে পান। তখন নিচে মনোয়ারুলের দেহ পড়ে ছিল। কয়েক মিনিট পর ওই পুলিশ সদস্য ছাদ থেকে নেমে একটি মাইক্রোবাসে ওঠেন এবং পরে অন্য পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

নানা জাফর আলী বলেন, রাতে পুলিশ আমার চারতলার বাসায় নাতি সৌমিক ও মিমকে খুজতে তল্লাশি চালিয়ে না পেয়ে একজন ছাদের দিকে যায়। পরে অন‍্যরাও যাওয়ার প্রস্তুতি নিলে সেই পুলিশ সদস্য দ্রুত নেমে এসে অন‍্যদের নিয়ে স্থান ত‍্যাগ করেন। এ সময় তারা কোন কিছুই বলেননি। 

এ ব‍্যাপারে ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, সে অত্যন্ত ভদ্র ছেলে ছিল। তার মৃত‍্যু রহস্যজনক। প্রকৃত ঘটনা তদন্ত করে দ্রুত সুষ্ঠু ব‍্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। 

এ ব‍্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা অভিযান পরিচালনা করতে শুধু সহযোগী হিসেবে ছিলাম। সাভার থানা পুলিশ বাসার ভেতরে তল্লাশিতে অংশগ্রহণ করেনি। তল্লাশি চালিয়েছে পীরগঞ্জ থানা পুলিশ। তবে ঘটনা দেখে সাভার থানাকে কোন কিছু অবহিত না করে তারা কিভাবে চলে গেল এ বিষয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। 

তিনি বলেন, এখন এ সংক্রান্ত কোন অভিযোগ পাইনি। তবে ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যা আগামী  সাত দিনের মধ্যে তারা রিপোর্ট দেবে। এছাড়াও এ ব‍্যাপারে ইতিমধ্যে ব‍্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পীরগঞ্জ থানার এসআই কনক রঞ্জন বর্মণ। তিনি বলেন, তারা বাসার ভেতরে জাফর মিয়া ও তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় নিচে বিকট শব্দ শুনে বাইরে এসে একজন যুবককে পড়ে থাকতে দেখেন। পরে জাফর মিয়া জানান, সে তাঁর ছেলে মনোয়ারুল।

এ ঘটনার পর এলাকায় নানা চাঞ্চল্য ও সন্দেহের সৃষ্টি হয়েছে। ছাদ থেকে পরে যাওয়ার ঘটনায় দেখা দিয়েছে নানা প্রশ্ন। ঘটনার প্রকৃত তদন্ত শেষে এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি