ঢাকা, শুক্রবার   ০১ মে ২০২৬

ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখালেন ভাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ১ মে ২০২৬

Ekushey Television Ltd.

ইতালিতে বসবাসরত দুই প্রবাসী ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেন বড় ভাই। পরে ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে বিষয়টি স্বীকার করেন তিনি। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।  

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (স্থানীয় সময়) রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেইজ শহরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন শেখ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন শেখকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারা দুইজন টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলোয়ার শেখের ছেলে।

ঘটনার পর হুমায়ুন শেখ ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি নিহত নয়নের রক্তাক্ত মরদেহ দেখান এবং নিজেই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেন। এমন দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ইতালির স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন শেখকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, ‘পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছেন বলে শুনেছি। ঘটনাটি আমাকে অবগত করা হয়েছে।’ 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি