ঢাকা, শনিবার   ৩১ অক্টোবর ২০২৬

জনতার সাত দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৬, ৩১ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনতার সাত দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের মূল দাবি একটাই, ১২ ফেব্রুয়ারি ৭০ শতাংশ জনগণ গণভোটে হাঁ-এর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে। জাতির সাথে গাদ্দারী আমরা বদ্দাস করব না। 

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের কাটাখালি মোড়ে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে বলেছেন, গণভোটে হাঁ বিজয়ী হলে আমরা ৩৩টি দল এটা মানতে বাধ্য থাকব। হাঁ বিজয়ী হয়েছে এটা আপনাদের মানতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এনসিপি নেতা সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ।

এর আগে নওয়াপাড়া মোড়ে নারী নেতাকর্মীদের উদ্দেশ্যে গাড়িতে বসেই বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

এছাড়া বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি ইউনুস আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলার প্রধান সমন্বয়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি