জামালপুরে আওয়ামী লীগের কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা
প্রকাশিত : ১২:২২, ২২ ফেব্রুয়ারি ২০২৬
জামালপুরের বকশীগঞ্জের বগারচর ইউনিয়নে জয়বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আর বিকালে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা জাতীয় পতাকা নামিয়ে কার্যালয়টিকে পাবলিক টয়লেট ঘোষণা করেছে।
শনিবার সন্ধ্যার দিকে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাতটার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদিরের নেতৃত্বে পরিত্যক্ত কার্যালয়টিতে সাইনবোর্ড ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারা এই কর্মসূচি পালন করেই সটকে পড়ে।
এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ওই কর্মসূচির প্রতিবাদে শনিবার বিকাল পাঁচটার দিকে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ নামে জুলাই আন্দোলনকারী সংগঠনের নেতাকর্মীরা সেখানে গিয়ে সাইনবোর্ড ও জাতীয় পতাকা নামিয়ে ফেলেন। এরপর সাইনবোর্ডে আগুন দেওয়া হয়।
পরে তারা কার্যালয়টিকে পাবলিক টয়লেট ঘোষণা করে ব্যানার লাগিয়ে দেন।
অন্যদিকে জয়বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। ওই দিন বিকাল সাড়ে ৫টার দিকে বগারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারমারা বাজারে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম।
এ সময় বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোহেল রানাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএইচ
আরও পড়ুন










