ঢাকা, রবিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটা যৌক্তিক: মাহদী আমিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:৪৮, ১ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

জামায়াত আমির ডা. শফিক রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহাদী আমিন।

তিনি বলেন, নারীবিদ্বেষী পোস্টের ৯ ঘণ্টা পর সমালোচনার মুখে আইডি হ্যাকের দাবি এবং কিছুক্ষণের মধ্যে সেই আইডি ফিরে পাওয়া কতটা যৌক্তিক? 

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহদী এসব কথা বলেন।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, জামায়াতের আমিরের অ্যাকাউন্টে নারীদের নিয়ে পোস্টটি সত্য হলে, তা অত্যন্ত দুঃখজনক। যদি হ্যাক হয়ে থাকে, তাহলে তা সঙ্গে সঙ্গেই জনগণকে অবহিত না করে কেন ১২ ঘণ্টা পরে জিডি করা হলো?

প্রসঙ্গত, শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে জামায়াত আমির শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটা অবমাননাকর পোস্ট ভাইরাল হয়।

এ নিয়ে সমালোচনার মুখে রাতে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর কিছুক্ষণ পর সাড়ে ৪টার দিকে আইডি থেকে নারীদের নিয়ে অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয়।’

এই ঘটনায় হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে বলে জানান সিরাজুল ইসলাম।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি