ঢাকা, শনিবার   ২০ জুন ২০২৬

ঝিনাইদহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৭, ২০ জুন ২০২৬

Ekushey Television Ltd.

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। 

আজ শনিবার হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার পুকুরের মাছ ধরা নিয়ে সন্দেহের জেরে স্থানীয় আওয়ামী লীগ নেতা রকিবুল ইসলামকে মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার রকিবুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের ছোট ভাই।

ওই ঘটনার জেরে আজ বোয়ালিয়া গ্রামে বজলুর রহমান চেয়ারম্যান গ্রুপের লোকজনের সাথে বিএনপি সমর্থিত মশিয়ার রহমানের (সাবেক ইউপি সদস্য) সমর্থকদের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও তিনজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি