টাঙ্গাইলে অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৫:৪৮, ১১ জুন ২০২৬
টাঙ্গাইল জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: সেলিম মিঞা বলেন, আমরা জেলার প্রবাসীদের নানা কষ্টের গল্পগুলো শুনছি। প্রবাসীদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যাতে প্রবাসীদের কষ্টের গল্পগুলো আর তৈরি হতে না পারে।
আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো: সেলিম মিঞা বলেন, আমরা দেখি একজন মানুষ বিদেশ যেয়ে নানাভাবে প্রতারিত হয় এবং দেশে ফেরার পর তাকে পুনরেকত্রীকরণ সেবাগুলো খুঁজে খুঁজে বের করতে হয়। আমরা টাঙ্গাইল জেলায় প্রবাসীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে কাজ করছি, যেখানে সরকারি-বেসরকারি, সবাই মিলে প্রবাসীদের বিদেশ যাওয়ার আগে, প্রবাসে থাকা অবস্থায় এবং ফেরত আসার পর সব সেবা দিতে পারি। আর এজন্য সরকারি-বেসরকারি দপ্তর, এনজিও, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের একসাথে কাজ করতে হবে প্রবাসীদের কল্যাণে।
জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় এই সমন্বয় সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমন্বয় সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসনের প্রবাসী কল্যাণ শাখার ইনচার্জ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ শর্মা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: শিমু সাহা, প্রবাসী কল্যাণ সেন্টার, টাঙ্গাইলের সহকারী পরিচালক কাজী ফারুক আহাম্মদ, পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক মো: আবুবকর সিদ্দিক, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী তাজউদ্দিন রিপন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চীফ ইন্সট্রাক্টর মোহাম্মদ ফজলুল করিম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক জয় সাহাসহ অনেকে।
তাঁরা প্রবাসীদের কল্যাণে স্ব স্ব দপ্তরের সুযোগ-সুবিধাগুলো তুলে ধরেন এবং এই সেবাগুলো গ্রহণের আহ্বান জানান।
সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিদেশগামী এবং বিদেশফেরত প্রবাসীরা উপস্থিত ছিলেন।
এএইচ
আরও পড়ুন










