ঢাকা, মঙ্গলবার   ২৬ মে ২০২৬

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩১, ২৫ মে ২০২৬ | আপডেট: ২৩:১১, ২৫ মে ২০২৬

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের কালিহাতীতে রড রোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ থেকে পুলিশ লাশগুলো হস্তান্তর করে। নিহতদের মধ্যে নওগাঁর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন এবং রাজশাহী, কুষ্টিয়া ও নাটোরে একজন করে রয়েছেন।

নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), নওগাঁর মান্দা উপজেলার আব্দুর রশিদের ছেলে মো. বারিক (২১), একই উপজেলার আব্দুর রহিমের ছেলে বাদশা (৩২) নওগাঁর পাকুরিয়া গ্রামের রশিদের ছেলে গিয়াস (২০) একই এলাকার রশিদের ছেলে মাইনুল (২৮) রাজেন্দ্রবাটি এলাকার একাব্বর আলীর ছেলে ইয়াকুব (২০), একই এলাকার সুলতানের ছেলে তারেক (২০), একই জেলার হোসেনপুর এলাকার জাফরের ছেলে মাইনুল (৩৫), একই জেলার রামগ্রা এলাকার সুজন (৩৫), রাজশাহীর তানুর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), একই জেলার সদর উপজেলার মামুন (৪৫), কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হবিবুর প্রামাণিকের ছেলে হাসান আলী এবং নাটোরের ইব্রাহীমের ছেলে মোহাম্মদ আলম মোল্লা।

এ বিষয়ে যমুনা সেতুর পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, নিহত ১৫ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। একই সঙ্গে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মোহন্ত জানান, নিহত প্রত্যেককে সরকারের পক্ষ থেকে ২৫ হাজার এবং আহত আটজনকে চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে। এছাড়া নিহতদের লাশ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় খরচ বহন করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি