ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু, ট্রাকে আগুন
প্রকাশিত : ০৮:৫৩, ১৯ মার্চ ২০২৬
ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিতে আগুন দেয়।
নিহতরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে কাওসার আলী (৩৫) এবং তার ৭ বছর বয়সী ছেলে রেদেওয়ান। দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক দিয়ে চলার সময় মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিতা-পুত্রের প্রাণহানি ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা তাতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে ড্রাম ট্রাকসহ ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনার পর অভিযান আরও জোরদার করা হবে।
এএইচ
আরও পড়ুন










