ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মে ২০২৬

তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ২৮ মে ২০২৬ | আপডেট: ১৯:১৮, ২৮ মে ২০২৬

Ekushey Television Ltd.

তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ঘটনার পরপরই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

তদন্ত রিপোর্ট পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে নরসিংদীর প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর হলো, গত কালকের আদ-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডের শিশু মৃত্যুর ঘটনা। একজন মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডটি’র এসি বন্ধ করে দেওয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। যা অত্যন্ত বেদনাদায়ক।

ইতোমধ্যে হাম আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে। 

এদিকে সকাল ৮টায় নরসিংদী সদর উপজেলার গাবতলী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদ জামাতে নামাজ আদায় করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। 

অন্যদিকে পলাশে ঈদের নামাজ আদায় করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। 

এছাড়া জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠসহ জেলার বিভিন্ন উপজেলার ঈদগাহগুলোতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি