ঢাকা, শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬

আবারও বিক্ষোভে উত্তাল দিল্লি, ইন্টারনেট বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ২ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি । ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) ব্যাপক অনিয়ম ও গণহারে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে।

শুক্রবার (২ অক্টোবর) দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তর ও এর আশপাশের এলাকায় টানা ১২ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে ।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এয়ারটেল, রিল্যায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়ার মতো শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠানগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে প্রশাসন। সেই মোতাবেক, যন্তর মন্তর চত্বর ও এর দেড় কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সব ধরনের মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত রাখা হয় ।

মাত্র তিন মাসের ব্যবধানে দিল্লির প্রাণকেন্দ্রে আবারও আন্দোলনের মুখে ইন্টারনেট বন্ধের এমন নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হলো । এর আগে গত জুলাই মাসে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিয়ে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজিপি) জোরালো আন্দোলন চলাকালেও এই এলাকায় কয়েক দফায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল ।

ভারতের জাতীয় বার্তা সংস্থা পিটিআই পুলিশের বরাতে জানিয়েছে, শুক্রবারের এই বিক্ষোভ কর্মসূচির জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো পূর্বানুমতি নেওয়া হয়নি । ফলে অননুমোদিত জমায়েতের অভিযোগে যন্তর মন্তর ও এর আশপাশ থেকে এআইএসএ, এসএফআই এবং এনএসইউআইসহ বিভিন্ন বাম ও বিরোধী ছাত্র সংগঠনের প্রায় ৭০০ বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ ।

এদিকে নির্বাচন কমিশনের এই বিতর্কিত পদক্ষেপ এবং এর জেরে চলমান গণআন্দোলন নিয়ে চরম উত্তেজনা বিরাজ করলেও, এখন পর্যন্ত দিল্লি বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি