তরুণদের ভূমি সচেতনতা গড়ে তুলতে টংগিবাড়ীতে ব্যতিক্রমী কুইজ প্রতিযোগিতা
প্রকাশিত : ১১:২৯, ২০ মে ২০২৬ | আপডেট: ১১:৫৩, ২০ মে ২০২৬
তরুণ প্রজন্মের মধ্যে ভূমি বিষয়ে জ্ঞান ও সচেতনতা বাড়াতে মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মঙ্গলবার (১৯ মে) ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উপলক্ষে টংগিবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
দিনের কর্মসূচি শুরু হয় সকাল ৯টায় টংগিবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে একক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে। পরে সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দলীয় কুইজ পর্ব। ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ। উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
একক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সাইফা ইসরাত সারিতা। দ্বিতীয় হন কাঠাদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইভা আক্তার এবং তৃতীয় হন পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অর্ণব দত্ত নীল।
দলীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান অর্জন করে সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং যৌথভাবে তৃতীয় হয় বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
বক্তারা বলেন, পাঠ্যবইয়ের বাইরে গিয়ে শিক্ষার্থীদের ভূমি বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করা জরুরি। এ ধরনের উদ্যোগ তাদের চিন্তাশক্তি বিকাশে সহায়ক হবে এবং ভবিষ্যতে ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানে ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, জমি কেনাবেচা, নামজারি, উত্তরাধিকার ও কর ব্যবস্থার মতো বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। ডিজিটাল ভূমিসেবা চালু হলেও তথ্যের ঘাটতির কারণে অনেকেই সঠিক সেবা পাচ্ছেন না। শিক্ষার্থীদের মাধ্যমে এই সচেতনতা সমাজে ছড়িয়ে দেওয়া সম্ভব।
আয়োজক সূত্রে জানা গেছে, ‘ভূমি সেবা মেলা ২০২৬’-এর অংশ হিসেবে উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৫০ জন শিক্ষার্থীর মধ্যে ভূমি বিষয়ক তথ্যসমৃদ্ধ পুস্তিকা বিতরণ করা হয়। ১৭ মে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই ও প্রশিক্ষণের পর নির্বাচিত শিক্ষার্থীরা ১৯ মে চূড়ান্ত পর্বে অংশ নেয়। এবারের প্রতিযোগিতায় একক কুইজে প্রায় ৪০০ জন এবং দলীয় পর্যায়ে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।
আরও পড়ুন










