তল্লাশি নিয়ে বাগ্বিতণ্ডা: পুলিশ সদস্যদের ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা
প্রকাশিত : ১৭:০৮, ৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১১, ৬ নভেম্বর ২০২৬
পরিচয়পত্র দেখাতে না পারায় ভুয়া পুলিশ মনে করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার দুই পুলিশ সদস্য ও তাদের এক সোর্সকে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা পুলিশ লাইন ও সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে তল্লাশির ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
ভুক্তভোগী পুলিশ সদস্যরা হলেন, কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শ্যামল সাহা, কনস্টেবল মো. হানিফ এবং তাদের সোর্স জাহিদ। ঘটনার রাতে কুবির পরিসংখ্যান বিভাগের দুই শিক্ষার্থী টিউশনি শেষ করে ফেরার পথে পুলিশ পরিচয়ে তাদের পথরোধ ও তল্লাশি করা হয়।
শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। এতে ভুয়া পুলিশ সন্দেহে উপস্থিত অন্যান্য শিক্ষার্থীরা তাদের মারধর করে বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে সরাসরি প্রক্টর কার্যালয়ে নিয়ে যান।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকদের উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর জানা যায় তারা প্রকৃতপক্ষেই পুলিশ সদস্য।
এএসআই শ্যামল সাহা জানান, পরিচয়পত্র না থাকলেও তারা ওয়াকিটকি ও হ্যান্ডকাফ দেখিয়েছিলেন এবং কর্তব্যরত কর্মকর্তাদের সাথে কথা বলতে বলেছিলেন, কিন্তু শিক্ষার্থীরা মব সৃষ্টি করে তাদের তুলে নিয়ে যায়।
অন্যদিকে কুবি প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাৎ হোসাইন এবং সহকারী পুলিশ সুপার মোস্তায়িন বিল্লাহ ফেরদৌস জানান, উভয় পক্ষেরই কিছু ঘাটতি ছিল। ঘটনাস্থল থেকে থানায় বা ৯৯৯-এ যোগাযোগ না করে এভাবে আইন নিজেদের হাতে তুলে নেওয়া বা মব কালচার কোনোভাবেই কাম্য নয়। পরবর্তীতে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টি সমঝোতায় আনা হয়।
এমএইচ
আরও পড়ুন










