ঢাকা, মঙ্গলবার   ০৯ জুন ২০২৬

তিন ঘণ্টার ব্যবধানে পাবনায় দুই খুন

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৮, ৯ জুন ২০২৬

Ekushey Television Ltd.

পাবনায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পৃথক দুই ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে প্রাণ গেছে দুইজনের। দুই হত্যাকাণ্ডে উদ্বেগ ছড়িয়েছে পাবনাজুড়ে।

একটি ঘটনায় ছেলের সামনেই গুলি করে হত্যা করা হয়েছে হোসেন আলী নামের এক ব্যক্তিকে। অন্য ঘটনায় কলেজ শিক্ষার্থী মনিরুল ইসলাম নিহত হয়েছেন ছুরিকাঘাতে। 

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে ঘটে চাঞ্চল্যকর গুলির ঘটনা। নিহত হোসেন আলী (৫৫) পাবনা সদর উপজেলার গয়েশপুর জাফরাবাদ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলে রোহানকে মাদ্রাসায় রাখতে গিয়েছিলেন হোসেন আলী। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ছেলের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

অন্যদিকে বিকেল ৪টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে পূর্ব বিরোধের জেরে সরকারি এডওয়ার্ড কলেজের দুই শিক্ষার্থী রাকিব ও মনিরুল ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনিরুলকে ছুরিকাঘাত করে রাকিব পাশের পুকুরে ঝাঁপ দেয়।

স্থানীয়রা গুরুতর আহত মনিরুলকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহত মনিরুল ইসলামের বাড়ি সাঁথিয়া উপজেলার শিবরামপুর পশ্চিমপাড়া গ্রামে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত রাকিবকে আটক করেছে।

পুলিশ বলছে, দুই হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং উভয় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছে পুলিশ কর্তৃপক্ষ।

একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই হত্যাকাণ্ডে উদ্বেগ ছড়িয়েছে পাবনাজুড়ে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি