ঢাকা, বুধবার   ১৭ জুন ২০২৬

দল থেকে পদত্যাগ করলেন ফরিদপুরের আওয়ামী লীগ নেতা

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১০, ১৭ জুন ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল মৃধা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকালে উপজেলার মধ্য কাইচাইল গ্রামে নিজ বাড়ির উঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি শারীরিক অসুস্থতা, দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে বিভিন্ন সময় হয়রানি ও নির্যাতনের শিকার হওয়া এবং দলের অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে পদত্যাগের কারণ তুলে ধরেন।

রবিউল মৃধা জানান, তিনি কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকারের বরাবর তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি তিনি আপাতত সব ধরনের রাজনৈতিক সংগঠন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভবিষ্যতে দেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান এবং তার কন্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার বড় ভাই রফিক মৃধা, স্থানীয় বাসিন্দা আইয়ুব মৃধা, হানিফ মিয়া, এনামুল কাজী, সাহেব মিয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি