ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬

দিল্লিতে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করেছে বাংলাদেশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত কার্যকর হয়।

দায়িত্ব গ্রহণের তিন দিনের মাথায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এ সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রাথমিক উদ্যোগ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। 

 

ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। এর জেরে গত ডিসেম্বর থেকে দুই দেশই ভিসা কার্যক্রম স্থগিত রেখেছিল।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় এ অগ্রগতি ঘটল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর থেকেই দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করে।

পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগেই ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে ফল ঘোষণার পর বিকেলে টেলিফোনে কথা বলে তাকে শুভেচ্ছা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। সাম্প্রতিক এ পদক্ষেপকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি