ঢাকা, বুধবার   ২৪ জুন ২০২৬

নওগাঁয় ৯ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৮, ২৪ জুন ২০২৬

Ekushey Television Ltd.

নওগাঁর সাপাহার সীমান্তে আবারও নারী-শিশুসহ নয়জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তা পণ্ড হয়েছে। বর্তমানে ওই লোকজন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। 

আজ বুধবার ভোর চারটার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের পাতাড়ী এলাকা দিয়ে এই ৯ জনকে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএএফ)। 

ওই নয়জনের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে। তারা বর্তমানে ভারতীয় সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা নয়জন ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাঁধা দেয়। 

নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সংবাদ পাওয়ার পরে ওই এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদেরকে ভারতীয় ভূখণ্ডে পাঠানোর (পুশ-ব্যাক) কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, গত ৫ জুন সাপাহার উপজেলার করমুডাঙ্গা সীমান্ত দিয়ে নারী-পুরুষ সহ ১৭ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরবর্তীতে বিজিবি, এলাকাবাসীর সহযোগীতায় ঘটনার প্রায় ৪৮ ঘন্টা পর ওই ১৭ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি