নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
প্রকাশিত : ১৫:১০, ২৮ এপ্রিল ২০২৬
নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে আফিয়া আক্তার (৪৫) নামে পাঁচ সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই স্বামী মোহাম্মদ সুজনের বিরুদ্ধে।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত স্বামী সুজন মিয়া পেশায় একজন ইজিবাইক চালক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত সুজন ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিলেন। নেশার টাকার জন্য সামান্য অজুহাতে তিনি প্রায়ই আফিয়াকে মারধর করতেন। তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে ঝগড়াঝাটি চলে আসছিল। সোমবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে আফিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সুজন পলাতক।
রায়পুরা থানা ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযুক্ত সুজনকে গ্রেফতার করতে অভিযান শুরু করেছে।
এএইচ
আরও পড়ুন










