নরসিংদীতে নিজ বাড়ি হতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত : ০৯:৪১, ১৮ মার্চ ২০২৬
নরসিংদীর পলাশে একই মহল্লার পৃথক দুই বাড়ি হতে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা পরস্পরের বন্ধু ছিলেন।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লার নিজ বাড়ি হতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মধ্য বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮)ও বাগপাড়া মহল্লার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মুসান্না গালিব মিমের বাবা-মা অন্যত্র থাকায় সে নিজের বাড়িতে একাই বসবাস করতেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে আড়ার সাথে মিমের খাটে পা লাগানো অবস্থায় ঝুলন্ত পচন ধরা মরদেহ দেখতে পায়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা কয়েকদিন আগে মীম আত্মহত্যা করেছে।
অপরদিকে খবর পেয়ে পুলিশ শেখ শরীফের বাড়ির কক্ষের দরজা ভেঙ্গে সিলিংফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে। ওই বাড়িতে তার অসুস্থ মা ঘটনাটি টের পাননি। পুলিশের ধারণা, ২৪ ঘন্টার মধ্যে সে আত্মহত্যা করেছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতরা পরস্পরে সম্পর্কে বন্ধু ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। দুজনেই মাদকাসক্ত বলে ধারণা পাওয়া গেছে বলে জানান তিনি।
তবে কি কারণে তারা আত্মহত্যা করেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলে জানান ওসি।
এএইচ
আরও পড়ুন










