ঢাকা, শুক্রবার   ১৭ জুলাই ২০২৬

নাতনির মরদেহ আনতে গিয়ে প্রাণ গেল নানা-নানীসহ ৩ জনের

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৫, ১৬ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

পাবনার আতাইকুলায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা থানার মাধপুর সড়াডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিক (৬৫), তার স্ত্রী বুলু খাতুন (৫৫) এবং অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ (৩০)। রাজ শেখ পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ী মহল্লার বাসিন্দা। 

দুর্ঘটনায় ছলিম প্রামানিকের মেয়ে নাজমিন খাতুন ও নাতি রিয়াদ সরদার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১৯ বছর বয়সী মোছা. কেয়া খাতুনের মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা পাবনায় ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা 'পাবনা এক্সপ্রেস' নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ ও কেয়ার নানী বুলু খাতুন নিহত হন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে ছলিম প্রামানিককে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি