ঢাকা, রবিবার   ১৭ মে ২০২৬

নারায়ণগঞ্জে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক

‎​নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৯, ১৭ মে ২০২৬

Ekushey Television Ltd.

‎​নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুই কর্মীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হয়। 

শনিবার রাত ১০টার দিকে ‎​ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকায় আকস্মিকভাবে ব্যানার ছাড়াই একটি ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। 

এ সময় তারা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” এবং “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” বলে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

‎​হঠাৎ এই ঝটিকা মিছিলের খবর পেয়ে মাঠে নামে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল, যুবদল নেতা সাব্বির আহমেদ শহীদ, ছাত্রদল নেতা রিয়াদ এবং ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিমেল, শান্ত ও জলিলের নেতৃত্বে ধাওয়া দিয়ে মিছিল থেকে দুইজনকে আটকে ফেলে স্থানীয়রা।
‎​
‎​আটককৃতরা হলেন বন্দর এলাকার মোস্তাকিমের ছেলে সানি এবং আফসারের ছেলে সিয়াম। 

স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং বন্দর এলাকার চিহ্নিত সন্ত্রাসী খান মাসুদের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত। 

ঝটিকা মিছিলের এই ঘটনায় এলাকায় কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। আটক দুইজনকে পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি