নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
প্রকাশিত : ২৩:১৪, ২২ মে ২০২৬
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (২২ মে) রাত ৯টার দিকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ঝিনাইদহ জেলা ছাত্রদলের বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদকসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলা দায়েরের পর এনসিপির নেতারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী ও দলের নেতাকর্মীরা শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হচ্ছিলেন। এ সময় হামলাকারীরা অতর্কিতভাবে তাদের ওপর চড়াও হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করে নাসীরুদ্দীন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ বেশ কয়েকজনকে গুরুতর আহত করে।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, হামলার সুযোগে আসামিরা একটি সনি আলফা এ৬৪০০ ডিএসএলআর ক্যামেরা, ট্যামরন লেন্স, মেমোরি কার্ডসহ বেশ কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। ছিনতাই হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা। যাওয়ার সময় হামলাকারীরা এনসিপি নেতাকর্মীদের প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তারা ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় থানার ভেতরে নাসির উদ্দিন পাটোয়ারীসহ এনসিপির নেতারা অবস্থান করছিলেন।
একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা থানার গেট খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় বাইরে থেকে থানার দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে জেলা বিএনপির নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিক্ষোভকারীদের সরিয়ে নেন। এরপর পুলিশি পাহারায় নাসির উদ্দিন পাটোয়ারীসহ এনসিপি নেতাদের নিরাপদে থানা থেকে বের করে দেওয়া হয়।
এর আগে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে বের হওয়ার সময় নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও তার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হন।
এমআর//
আরও পড়ুন










