ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে কাউকে ধর্মের ভিত্তিতে বিচার করা হবে না; বিচার হবে যোগ্যতা ও মেধার ভিত্তিতে। একটি নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে এখন সময় এসেছে দেশ পুনর্গঠনের।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা আন্দোলন করেছি। ১৯৭১ সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। আবার ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করেছি। এখন সময় এসেছে দেশকে গঠন করার, দেশকে নতুন করে তৈরি করার।

তিনি বলেন, দেশের অর্থনীতি ও গণতন্ত্রকে মজবুত করে গড়ে তুলতে হবে, যাতে মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। ১৯৭১ সালে যুদ্ধের সময় যেমন ধর্মের বিভাজন ছিল না, তেমনি ২০২৪ সালে রাজপথের আন্দোলনেও আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান।

বিএনপি চেয়ারম্যান বলেন, এই দেশের মানুষ দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিতে বসবাস করেছে। আগামীতেও সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে। প্রত্যেকে নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে সামনে এগিয়ে যাবে। ধর্মের ভিত্তিতে কাউকে বিচার করা হবে না।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে। 

“আজকের এই জনসভা হোক শপথের জনসভা। আমরা সবাই শপথ নেব—আগামী দিনে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবো। যে বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করবে, একসঙ্গে দেশ গড়বে,” বলেন তারেক রহমান।

জনসভায় ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঠাকুরগাঁওয়ের তিনটি, পঞ্চগড়ের দুটি এবং দিনাজপুরের একটি আসনের প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন তারেক রহমান।

এ সময় তিনি বলেন, ১২ তারিখ পর্যন্ত আপনারা এই প্রার্থীদের লক্ষ্য করবেন। তারা নির্বাচিত হলে ২৪ ঘণ্টা আপনাদের, এলাকার ও এলাকার মানুষের খোঁজখবর রাখা তাদের দায়িত্ব হবে।

বক্তব্যে তারেক রহমান ঠাকুরগাঁও ও এই অঞ্চলের উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, চিনিকলসহ বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালু করা হবে। ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজ স্থাপনের চেষ্টা করবে বিএনপি।

তিনি আরও বলেন, কৃষকদের পণ্য সংরক্ষণের জন্য হিমাগার তৈরি করা হবে। বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে আইটি সেক্টরে হাব গড়ে তোলা হবে। পাশাপাশি মেডিক্যাল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি বাস্তবায়নে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া সরকার গঠন করলে যত দ্রুত সম্ভব এই এলাকার বিমানবন্দর চালু করা হবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি