ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনী অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে কন্ট্রোল রুম স্থাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘গণভোট ২০২৬’ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠ প্রশাসনের সাথে সমন্বয় ও অভিযোগ নিষ্পত্তির জন্য কন্ট্রোল রুম স্থাপন করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে এই কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ ও তথ্যাদি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের জন্য একটি হটলাইন নম্বর (+৮৮০২২২৬৬৪১১১৮) চালু করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তাগণ দায়িত্ব পালন করবেন। পুরো কার্যক্রম তদারকির জন্য প্রতিদিন একজন করে যুগ্মসচিবকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিটি শিফটে একজন করে উপসচিব বা সিনিয়র সহকারী সচিবের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহায়কগণ নিয়োজিত থাকবেন।

অফিস আদেশে আরও বলা হয়, কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠ পর্যায় থেকে প্রাপ্ত অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি