ঢাকা, রবিবার   ১৮ অক্টোবর ২০২৬

নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪০, ১৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জে দোকানে ঢুকে গুলিতে মিজানুর রহমান মিজান (৩২) নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ১নং আমানউল্যাপুর ইউনিয়নের জিনু মার্কেটে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘মিজানুর রহমান মিজান দোকানে কাজ করার সময় এ হামলার ঘটনা ঘটে। 

আহত মীজানুর রহমান আমানউল্যাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব জয়নারায়নপুর গ্রামের আহাম্মদ উল্যার ছেলে।

জানা যায়, গুলিবিদ্ধ ব্যবসায়ী মিজান স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত। জামায়াত সমর্থক হওয়ায় বিগত আওয়ামী সরকারের সময়েও তার ওপর হামলা করা হয়েছিল। 

শনিবারের হামলাও তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেউ চালিয়েছে বলে আশঙ্কা করছেন বেগমগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা আবু জায়েদ।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে বেচাকেনা চলাকালে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী 'কানা নিজাম'-এর নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলায় কানা নিজামের সঙ্গে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী মিজানুর রহমান পলাশ, কালা শহীদ, তারেক, রায়হান, শাহ আলম, রাজু, ফরহাদ, ফাহাদ, আসিফ, সৈকত, নজরুল, রনি, সাকিব, ফয়সাল ও শাহসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন অংশ নেয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সন্ত্রাসীরা দোকানে ঢুকে খুব কাছ থেকে মিজানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

ঘটনার পরপরই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো জিনু মার্কেট ও আমানউল্যাপুর এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা সংবাদ পেয়ে হসপিটালে মিজানকে দেখতে গিয়েছিলাম। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে মাইজদি হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি