ঢাকা, শনিবার   ২০ জুন ২০২৬

পরিত্যক্ত গর্তে পড়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৪৬, ২০ জুন ২০২৬ | আপডেট: ১৫:০৬, ২০ জুন ২০২৬

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে একে একে ট্যাংকের ভেতরে প্রবেশ করে চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার টেলকি জলই এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও নেইমার ম্রং (১০)।

এ মর্মান্তিক ঘটনায় পুরো জলই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ছাগল পরিত্যক্ত সেফটি ট্যাংকের গর্তে পড়ে যায়। ছাগলটিকে উদ্ধার করার জন্য প্রথমে গ্রাব্রিয়েল নকরেক (৪৫) ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ গেলে তিনি কোনো সাড়া না দিলে তাকে উদ্ধারের জন্য একে একে আরও তিনজন ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু তারাও আর বাইরে ফিরে আসেননি।

পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলে তারা মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ট্যাংকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকার কারণে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিত্যক্ত সেপটিক ট্যাংক ও কূপে বিষাক্ত গ্যাসের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি