ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬

পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৫, ৯ মে ২০২৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী মাদারীপুরের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে। দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার লোক বৃষ্টির বাড়িতে ভীড় করেন তাকে শেষ বিদায় দিতে। 

শনিবার বাদ আছর জানাজা শেষে নিজ বাড়ির পাশে দাদা-দাদির কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় বৃষ্টিকে। 

বৃষ্টির মরদেহ দেশে পৌঁছানোর খবরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে চলছে শোকের মাতম। বৃষ্টিকে শেষবারের মতো এক নজর দেখতে আজ সকাল থেকেই তার পৈতৃক বাড়িতে ভিড় করেন স্বজন, বন্ধু ও এলাকাবাসীরা। 

নিহতের লাশ বাড়িতে আসার সাথে সাথে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় কাঁদছে যেন পুরো এলাকা। স্বজন ও এলাকাবাসী এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছে।

মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ বাবা। কি অপরাধ ছিল তার মেয়ের, কেন হত্যা করা হলো বৃষ্টিকে এই প্রশ্নের উত্তরই যেন খুঁজছেন তিনি। একমাত্র মেয়ে বৃষ্টিকে যারা নিশংসভাবে হত্যা করেছে তাদের কঠোর বিচার চাইলেন হতভাগা এই বাবা।

বৃষ্টি ছিল এই অঞ্চল তথা দেশের সম্পদ বললেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।

জানাজা শেষে নিজ বাড়ির পাশেই দাফন করা হয় বৃষ্টিকে, সেই সাথে দাফন হয়েছে বৃষ্টিকে ঘিরে বাবা-মাসহ স্বজনের আশা-আখাঙ্খা ও স্বপ্ন। হারিয়ে গেছে বৃষ্টি, হারিয়ে গেছে বৃষ্টির স্বপ্ন, শুধু রেখে গেছে অগণিত স্মৃতি। যা আমৃত্যু কষ্ট দিবে বৃষ্টির বাবা-মা ও স্বজনদের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি