পুশইনের এক বছর পর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারতের কাছে হস্তান্তর
প্রকাশিত : ২১:২৩, ৮ জুলাই ২০২৬
শিশুসহ চারজনকে বাংলাদেশে 'পুশইনের' এক বছর পর তাদের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন করা হয়েছিল।
বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তাদেরকে বিএসএফের নিকট হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছে বিজিবির একটি সূত্র।
ভারতে ফেরত পাঠানো চারজনের মধ্যে শিশু ও কিশোরও রয়েছে।
এর আগে, গত বছরের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই চারজনসহ মোট ছয় জনকে পুশ ইন করে বিএসএফ।
পরে আদালতের নির্দেশে গত বছরের পাঁচই ডিসেম্বর সোনালী বেগম ও তার ছেলে সাব্বিরকে ফেরত নেয় ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার ফেরত যাওয়া চারজন নিজেদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা বলে দাবি করেছেন।
পুশইনের পর গত ২০ অগাস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করে। পরে বিজিবিকে সোপর্দ করলে তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং তারা তিন মাস কারাবরণ করে।
পরে এক জিম্মাদারের বাসায় অবস্থান করছিলেন তারা।
ভারতের সুপ্রিম কোর্ট তাদের ভারতে ফিরিয়ে এনে নাগরিকত্ব যাচাই করতে বলেছে।
এএইচ
আরও পড়ুন










