ঢাকা, বুধবার   ০৪ নভেম্বর ২০২৬

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ৪ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা চলছে। পূর্বনির্ধারিত সভাটি আজ বিকেল ৩টায় হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সভাটি ৪ ঘণ্টা এগিয়ে আনা হয়।

বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে এ সভা শুরু হয়। 

শ্রমিকদের টানা আন্দোলন, বিভিন্ন শিল্পাঞ্চলে সংঘর্ষ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে সভার সময় এগিয়ে আনার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশোধিত সভার নোটিশে।

জানা গেছে, আজকের সভার আলোচ্যসূচিতে রয়েছে সদস্যদের পরিচয় ও পরিচিতি, গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়ন এবং বিবিধ বিষয়।

গত ১ নভেম্বর তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার। সেদিন সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রথমে মজুরি বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) করা হয়েছিল শেখ আশফাকুর রহমান। আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে। 

বোর্ডের বাকি সদস্যরা হলেন, মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। এ ছাড়া বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। এই বোর্ড সব পদে শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ করবে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট হিসেবে প্রকাশ করবে সরকার।

শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি বৃদ্ধির দাবি এবং সাম্প্রতিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ বোর্ড গঠন করা হয়। বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও কর্মবিরতি পালন করছেন। ঢাকা, গাজীপুর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। 

এতে কয়েকটি কারখানায় উৎপাদন ব্যাহত ও কারখানা বন্ধ রাখার পরিস্থিতি তৈরি হয়েছে।

বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বশেষ নির্ধারিত ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এই মজুরি নির্ধারণ করা হয়, যা ওই বছরের ডিসেম্বরে কার্যকর হয়। সংশোধিত শ্রম আইন অনুযায়ী, প্রতি তিন বছর পরপর মজুরি বোর্ড গঠনের বিধান রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি