ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর একান্ত সচিব আশরাফ রেজা, প্রটোকল অফিসার উজ্জল হোসেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৪২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (পিএস) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন অথবা মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে তাঁর একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। 

মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে কর্মরত আছেন। 

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনকে (পরিচিতি নম্বর: ১৭৭৮৭) প্রেষণে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তিনি এখন থেকে ‘প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১’ হিসেবে দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি