ঢাকা, বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবগঠিত সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকটি হয় এমপি ও মন্ত্রীদের শপথগ্রহণের পরদিন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে এ বৈঠক শুরু হয়। এর আগে বেলা ১২টা ৩৫ মিনিটে সরকারপ্রধান ওই ভবনে নিজের দপ্তরে পৌঁছান। মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গেও বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দিয়েছেন। নিজ নিজ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তিনটার আগমুহূর্তেই তারা সচিবালয়ের এক নম্বর ভবনে পৌঁছান।
 
এদিকে নতুন সরকারের প্রথম কার্যদিবসে সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপরতা লক্ষ করে গেছে।
 
বিএনপির নেতৃত্বাধীন এবারের সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৫০ জন সদস্য মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করছেন। এরমধ্যে পূর্ণ মন্ত্রী  ২৪ জন ও প্রতিমন্ত্রী হিসেবে অংশ নিয়েছেন ২৫ জন। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ৪১ জনই নতুন মুখ। এরমধ্যে ১৬ জন নতুন মন্ত্রী। আর পূর্ণমন্ত্রীদের মধ্যে এর আগেও বিএনপির বিভিন্ন সরকারে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ৯ জন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি