ঢাকা, সোমবার   ০২ নভেম্বর ২০২৬

প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে সাগর উত্তাল, ২ নম্বর সংকেত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ রাত নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ পরিস্থিতিতে সমুদ্র বন্দরসমূহে ০২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৪.০° উত্তর অক্ষাংশ এবং ৮১.৮° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। 

এটি আজ (০২ নভেম্বর ২০২৬) সকাল ০৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪৪০ কি.মি.দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪০০ কি.মি. দক্ষিণপশ্চিমে,
মোংলা সমুদ্র বন্দর থেকে ১২৭৫ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৯৫ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। 

আরও জানানো হয়, ঘূর্ণিঝড়টি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ (০২নভেম্বর ২০২৬) রাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১৭ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

এ পরিস্থিতিতে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০২ (দুই) নম্বর পুনঃ ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি