ঢাকা, শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬

প্রযোজক হিসেবে নতুন যাত্রায় সবার ভালোবাসা চাইলেন বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ২০ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

অভিনয় ক্যারিয়ারের সাফল্যের ধারাবাহিকতায় এবার প্রযোজক হিসেবে নতুন এক অধ্যায় শুরু করলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। 

তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন্স’-এর ব্যানারে নির্মিত প্রথম প্রজেক্ট স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

প্রতিষ্ঠানটির প্রথম কাজ হিসেবে চলচ্চিত্রটি উৎসবের সম্মানজনক ‘প্যানোরামা ট্যালেন্ট’ (Panorama Talent) বিভাগে জায়গা করে নিয়েছে। প্রযোজক হিসেবে যাত্রার শুরুতেই এমন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত এই অভিনেত্রী।

এই সুখবরটি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন বুবলী। পোস্টার উন্মোচনের পাশাপাশি নতুন এই পথচলায় সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে শবনম বুবলী উল্লেখ করেন, ‘বিগ প্রোডাকশন্স’-এর প্রথম প্রযোজনা হিসেবে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে মনোনীত হছে। প্রতিষ্ঠানের প্রথম কাজ হিসেবে এই অর্জন তাদের পুরো টিমের জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং অনুপ্রেরণার বলে জানান তিনি।

ভক্তদের উদ্দেশে বুবলী আরও লেখেন, এই স্বীকৃতি তাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে বড় এক অনুপ্রেরণা জোগাবে। আগামীতে দর্শকদের আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকার আহ্বান জানান।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি