ঢাকা, মঙ্গলবার   ১২ মে ২০২৬

ফতুল্লায় পোশাক কারখানা থেকে কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫০, ১২ মে ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার ভেতর থেকে ইদ্রিস আলী (৪৫) নামে এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে কারখানাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে ফতুল্লার ফারিহা নিট টেক্স কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত ইদ্রিস আলীর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায়। তিনি ওই কারখানায় স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজে এসে সহকর্মীরা সংশ্লিষ্ট কক্ষের দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে ইদ্রিস আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে বিষয়টি কারখানাজুড়ে ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

ঘটনার পর কারখানার কয়েকজন কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা না যাওয়ায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। শ্রমিকরা এ মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান।

শ্রমিকদের অভিযোগ, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার ফল—তা নিয়ে রহস্য রয়েছে। তাদের দাবি, কারখানার অভ্যন্তরীণ চাপ, দ্বন্দ্ব কিংবা অন্য কোনো কারণেও এ ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি