ঢাকা, শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬

ফতুল্লায় সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৪, ১৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলাইল গেদ্দার বাজার এলাকার মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকার আব্দুর রহিমের ছেলে রানা (১৯) ও পটুয়াখালী জেলার বাউফল থানার ভাংরা গ্রামের আলতাব মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫)। তারা দুজনেই নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ চলাকালে সেন্টারিংয়ের কাঠ খুলতে গিয়ে প্রথমে রানা মিয়া সেপটিক ট্যাংকের ভেতরে নামেন। সেখানে আগে থেকে জমে থাকা বিষাক্ত গ্যাসে তিনি অচেতন হয়ে পড়েন।

দীর্ঘ সময়েও তিনি উপরে না উঠলে সহকর্মী দেলোয়ার মৃধা তাকে উদ্ধার করতে ট্যাংকের ভেতরে নামেন। তবে তিনিও একইভাবে গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন।

পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি