ফরিদপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সবাই আশঙ্কামুক্ত
প্রকাশিত : ২০:৩৫, ৫ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন ভাঙ্গা উপজেলার এক নারী। সন্তান ও মা—চারজনই বর্তমানে সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর।
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সফল অস্ত্রোপচার বা চিকিৎসার মাধ্যমে ওই নারী শিশু তিনটির জন্ম দেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার রায়পাড়া ইউনিয়নের সদরদী গ্রামের বাসিন্দা সোহাগ মাতুব্বরের স্ত্রী সম্প্রতি প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তিনি সফলভাবে তিন নবজাতকের জন্ম দেন।
একসাথে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। পরিবারের পক্ষ থেকে মা ও নবজাতকদের দীর্ঘায়ু এবং পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর জানান, একসঙ্গে তিনটি শিশুর জন্ম হওয়া একটি জটিল ও সংবেদনশীল বিষয় হলেও চিকিৎসকদের সার্বিক প্রচেষ্টায় সফলভাবে তা সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও তিন নবজাতক নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তারা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন।
হাসপাতালের পক্ষ থেকে তাদের সার্বিক পরিচর্যা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানান তিনি।
এএইচ
আরও পড়ুন










