ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬

ফরিদপুরে কুপিয়ে ৩ জনকে হত্যা, ঘাতক সেই যুবক আটক

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০৯, ২৮ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মাথা থেতলে আপন দাদি ও ফুফুসহ ৩ জনকে হত্যার ঘাতক যুবক আকাশকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালযের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে ফরিদপুর জেলার সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গী গ্রামের লিয়াকতের কলা বাগান থেকে তাকে আটক করা হয়। 

এ সময় তার কাছ থেকে রক্ত মাখা কোদালটিও উদ্ধার করা হয়েছে। এর আগে সোমবার রাতে ৩ জনকে হত্যার পর ঘাতক আকাশ পালিয়ে যায়। 

পুলিশ সুপার জানান, পারিবারিক নানা কারণে হতাশা থেকে সে এমন ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবার ও গ্রামবাসী তাকে মানসিক ভারসাম্যহীন দাবি করেছে বলে জানান তিনি। 

এই ঘটনায় আকাশ মোল্যাকে আসামি করে নিহত কাবুলের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা দাযের করেছেন।

এর আগে সোমবার রাত ১০টার দিকে গদাধর ডাঙ্গী গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ তার আপন দাদী আমেনা বেগম, ফুফু রাহেলা বেগমের উপর কোদাল নিয়ে চড়াও হয়। এ সময়  প্রতিবেশি কাবুল আহমেদ তাকে প্রতিহত করতে এগিয়ে আসলে তার উপরও হামলা করে আকাশ। কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ৩ জনেরই মাথা থেতলে হত্যা করে পালিয়ে যায় আকাশ। 

রাতেই মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি