ঢাকা, বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬

ফরিদপুরে কৃষি খাতের উন্নয়ন ও সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০০, ১৭ জুন ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরে কৃষক ও কৃষি কর্মকর্তাদের অংশগ্রহণে ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার’ কর্মসূচির আওতায় রূপান্তরমুখী কৃষি বিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় খাদ্যশস্য উৎপাদনে বৈচিত্র্য আনা, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়ন, জলবায়ু-সহিষ্ণু জাত উদ্ভাবনসহ কৃষি খাতের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, এসব লক্ষ্য বাস্তবায়নে কৃষি বিভাগের ১৫টি প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. খয়ের উদ্দিন মোল্যার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপকরণ) মো. রওশন আলম, পার্টনার কর্মসূচির অতিরিক্ত পরিচালক গৌর গোবিন্দ দাস এবং ফরিদপুর আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন।

বক্তারা বলেন, দেশের কৃষিখাতকে যুগোপযোগী ও টেকসই করতে ২০২৩ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে ‘পার্টনার’ কর্মসূচি চালু করা হয়। এর মাধ্যমে জাত উন্নয়ন, আধুনিক সেচ প্রযুক্তির সম্প্রসারণ, কৃষক স্মার্ট কার্ড ও ডিজিটাল কৃষিসেবা, নারী ও তরুণ কৃষি উদ্যোক্তা তৈরি এবং তথ্যব্যবস্থাপনার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মশালায় বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা এবং পার্টনার কর্মসূচির আওতাভুক্ত কৃষকরা অংশগ্রহণ করেন।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি