ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুরে ১৩ বছর পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ১৩ বছর আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ফরিদপুরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোস্তফা কামাল। তাকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০ ও র‍্যাব-১–এর একটি যৌথ দল

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীপুরের আনসার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, ২০১৩ সালের ১ জানুয়ারি ফরিদপুরের মধুখালী থানায় সংঘটিত একটি হত্যা মামলায় মোস্তফা কামালকে প্রধান অভিযুক্তদের একজন হিসেবে চিহ্নিত করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। তবে সাজা এড়াতে তিনি ছদ্মনাম ব্যবহার করে এবং ঘন ঘন অবস্থান পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে মোস্তফা স্বীকার করেছেন, গত এক দশকে তিনি একাধিক জেলায় লুকিয়ে ছিলেন। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাতে র‍্যাব-১০–এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি