ঢাকা, মঙ্গলবার   ১৯ মে ২০২৬

ফরিদপুর জেলা কারাগারে মাদক মামলার হাজতির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৬, ১৮ মে ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুর জেলা কারাগারের এক হাজতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

নিহত হাজতির নাম শাহ আলম। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের কালীবাড়ি রোড এলাকার বাসিন্দা জালাল মোল্লার ছেলে। মাদক মামলার আসামি হিসেবে চলতি বছরের ১ এপ্রিল থেকে তিনি ফরিদপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শাহ আলম দীর্ঘদিন ধরে পেটের ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। কারাগারের হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। রোববার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া জানান, শাহ আলম নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জেলা কারাগারের জেলার মনির হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি